Published : 03 Mar 2026, 05:13 PM
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নাম ব্যবহার করে ‘ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি’র অভিযোগে শেরেবাংলা নগর থাকায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ‘ভুয়া ইমেইল আইডির মাধ্যমে’ একটি প্রতারক চক্র এনবিআর চেয়ারম্যানের নাম ব্যবহার করে এই কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে তাদের নজরে এসেছে।
“প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতারক চক্রের বিরুদ্ধে আজ শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।”
এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণকে এ চক্র থেকে সাবধান থাকতে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এর আগেও চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকারের কবলে পড়েছিল। তখন ভয়ভীতি দেখানো না হলেও তার নম্বর থেকে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়েছিল। কয়েকজন সাংবাদিকও সে সময় এনবিআর চেয়ারম্যানের নম্বর থেকে এরকম বার্তা পান।
একজন সাংবাদিকের নম্বরে পাঠানো বার্তায় বলা হয়েছিল, "আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।"
আরেক সাংবাদিককে লেখা হয়, "আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে। দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।"
পরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমীন শেখ বলেছিলেন, “স্যারের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।”
পুরনো খবর
এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর 'হ্যাকড', চাওয়া হচ্ছে টাকা