Published : 24 Feb 2026, 12:37 PM
ব্যক্তিশ্রেণির প্রবাসী করদাতারা অনলাইনে তাদের আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের জন্য ইমেইল নিবন্ধন করে নিতে পারবেন।
তাতে প্রবাসীরা ওই মেইলের মাধ্যমেই রিটার্ন দাখিলের সব কাজ করতে পারবেন; এর মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগও থাকছে।
আয়কর রিটার্ন দাখিলের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারের প্রয়োজন হয়; রিটার্ন দাখিল ও পাসওয়ার্ড পরিবর্তনের জন্য এ নিবন্ধিত নম্বরেই তাদের ওটিপি যায়।
প্রবাসীদের অনেকে এ নিয়ে বিপাকে পড়ছিলেন; তাদের সেই নিবন্ধিত নম্বর বিদেশে বন্ধ থাকায় অনলাইনে রিটার্ন দাখিল করা যাচ্ছিল না।
এ সমস্যা সমাধানের জন্য ইমেইলে কাজ সারতে বিশেষ নিবন্ধনের ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিলের সুবিধার্থে মোবাইল ফোনের পরিবর্তে তাদের ইমেইলে ওটিপি পাঠানোর জন্য বিশেষ নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা মোবাইল ফোন ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন, কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য এনবিআর ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে।
এক্ষেত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি নিশ্চিত করার জন্য তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেইজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত করদাতার মোবাইল/ফোন নম্বর ও বাংলাদেশ ত্যাগের সর্বশেষ তারিখের তথ্যসহ নিজ ইমেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ভেরিফিকেশনের আবেদন করতে হবে।
এনবিআর ওই আবেদন পরীক্ষা করে ইমেইল ভেরিফাই করলে করদাতা ভেরিফায়েড ইমেইলের মাধ্যমে পাওয়া ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেটসহ রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিল সংক্রান্ত অন্যান্য কাজ সারতে পারবেন।
সোমবার পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চলতি করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে।