ঈদের ছুটি: ফেব্রুয়ারির ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত
সময়মত রিটার্ন দাখিল না করলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
রোজার ঈদের দীর্ঘ ছুটি থাকায় ফেব্রয়ারি মাসের মূল্য সংযোজন কর বা ভ্যাটের বিবরণী জমার দেওয়ার সময় বাড়িয়ে ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছে।
আইন অনুযায়ী প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে এ মাসের জন্য সময় বাড়িয়ে দিল।
আদেশে বলা হয়, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেম সার্ভিস কিছুটা ধীরগতি হওয়ায় সময় বাড়ানো হল।
সময়মত রিটার্ন দাখিল না করলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
গতমাসেও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল। ওই সময় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন জমার শেষ সময় এক সপ্তাহ বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করেছিল এনবিআর।
