১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ৫৫ বাজেটের পথরেখা

আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেটের আকার হবে রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশের ৫৫ বাজেটের পথরেখা
স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট উত্থাপন হয় ১৯৭২ সালের ৩০ জুন। তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট ঘোষণা করেন। পরদিন দৈনিক বাংলায় প্রকাশিত সেই খবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 09:08 AM

Updated : 11 Sep 2026, 03:22 PM

স্বাধীন বাংলাদেশে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে যে যাত্রার সূচনা করেছিলেন, সেই পথ ধরে বাংলাদেশের ৫৫তম বাজেট নিয়ে আসছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার হবে রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট হবে এটি। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু। 

২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৪ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসকসহ) ৫৪টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে।

তিন মেয়াদে সর্বোচ্চ বারোটি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে দুই প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিতের।

আওয়ামী লীগের চার মেয়াদে সাড়ে ১৫ বছরে আবুল মাল আবদুল মুহিত টানা দশবার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং আবুল হাসান মাহমুদ আলী একবার জাতীয় বাজেট উপস্থাপন করেন।

সবশেষ ২০২৫-২০২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। চব্বিশের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন ওই অন্তর্বর্তী সরকার দেড় বছরে একটি বাজেট দিয়েছিল। স্বাধীনতার পর সেবারই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় কমেছিল।