Published : 11 Jun 2026, 06:47 PM
স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে।
এছাড়া গয়নার বিক্রয়মূল্যের ওপর যে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়, তার পরিবর্তে প্রতি ভরিতে আড়াই হাজার টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এ বাজেটে।
একই সঙ্গে দেশে তৈরি অলঙ্কার রপ্তানির জন্য কিছু পদক্ষেপ নেওয়ার কথাও বাজেট বক্তৃতায় বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “উৎসে করের উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণালংকারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক রয়ে গেছে। তাই সরকার রাজস্ব পাচ্ছে না। এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক পাঁচ শতাংশ করার প্রস্তাব করা হচ্ছে।”
অলঙ্কার রপ্তানি উৎসাহিত করতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “অলঙ্কার শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি এবং তা হতে প্রস্তুতকৃত অলঙ্কার রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতির আওতায় একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি।”