Published : 04 Mar 2026, 07:54 PM
ব্যক্তি শ্রেণির করদাতাদের মধ্যে ৪০ লাখ করদাতা এবার অনলাইনে তাদের আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন; এর মধ্য ২২ লাখ পুরুষ ও নারী করদাতা তাদের আয় করযোগ্য সীমার নিচে দেখিয়েছেন।
ফলে তাদের রিটার্নের বিপরীতে কোনো আয়কর পায়নি জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এ ধরনের আয়কর বিবরণীকে এনবিআর বলে ‘জিরো রিটার্ন’।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। দাখিল করা রিটার্নের মধ্যে করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ পুরুষ এবং ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন নারী করদাতা।
এবারই প্রথম রিটার্ন অনুযায়ী আয়ের হিসাব তুলে ধরেছে এনবিআর। সাধারণত এ হিসাব সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে থাকে, যা প্রকাশ পেতে কয়েক বছর সময় লেগে যায়।
বিজ্ঞপ্তিতে ৪০ লাখ রিটার্ন দাখিলকারীর হিসাব তুলে ধরে বলা হয়, এর মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী।
এর মধ্যে ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ নারী করদাতা আয় দেখিয়েছেন বেতন খাতে।
বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন এবং নারী করদাতার সংখ্যা ৮৪ হাজার ৪৭৭ জন।
৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন এবং নারী করদাতার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন।
১০ লাখ টাকার বেশি কিন্তু ২০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন এবং নারী করদাতার সংখ্যা ৪৭ হাজার ৫৩২ জন।
২০ লাখ টাকার বেশি, কিন্তু ৪০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ৫৪ হাজার ২১২ জন এবং নারী করদাতার সংখ্যা ১১ হাজার ৪৫৫ জন।
৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ২৯ হাজার ৮০ জন এবং নারী করদাতার সংখ্যা ৫ হাজার ১১৭ জন।
সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ করদাতা এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।
কার জন্য সারচার্জ
স্বাভাবিক ব্যক্তিশ্রেণীর করদাতার ওপর তিন কারণে সাধারণত সারচার্জ আরোপ হতে পারে।
>> একজন করদাতার সম্পদের স্থাবর ও অস্থাবর মিলে নিট মূল্যমান যদি চার কোটি টাকা ছাড়িয়ে যায়;
>> যদি নিজ নামে একের অধিক মোটর গাড়ি থাকে;
>> কোনো করদাতার মোট আট হাজার বর্গফুটের বেশি আয়তনের গৃহসম্পত্তি থাকে।
ওপরের তিন ধরনের সম্পদের একটিও যদি কোনো করদাতার থাকে, তাহলে সারচার্জ দিতে হবে। সেক্ষেত্রে ১০ শতাংশ সারচার্জ আরোপ হবে।
সম্পদের মূল্য বাড়ার সঙ্গে স্তরভেদে ৩৫ শতাংশ পর্যন্ত সারচার্জ হয়ে থাকে।
নতুন সরকারের প্রশাসন ঢেলে সাজানোর মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় চতুর্থ দফায় আরো এক মাস বাড়ানো হয়েছে।
গত বৃহস্পতিবার এক আদেশে এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে।
চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা।
করদাতার তরফে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশির ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য দিয়ে বিদেশে বসেই ই-রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।