Published : 25 Feb 2026, 04:11 PM
অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দিতে ‘প্রক্রিয়া শুরু করেছে’ অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব পদ মর্যাদার দুই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, একজনের নাম প্রস্তাব আকারে পাঠানো হবে প্রধানমন্ত্রীর দপ্তরে। ইতোমধ্যে ওই প্রস্তাবে সায় দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বের হওয়ার পর সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “অপেক্ষা করুন। এখনই কিছু বলতে চাই না। কিছু হলে জানতে পারবেন।”
গণঅভ্যত্থানে আওয়ামী লী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ অগাস্ট অর্থনীতিবিদ আহসার এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার পর এমন এক সময়ে গভর্নরকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে, যখন কেন্দ্রীয় ব্যাংকে আহসান এইচ মনসুরের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন একদল কর্মকর্তা।
তিন কর্মকর্তাকে কারণ দর্শাও নোটিস ও বদলি করার ঘটনায় বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে তারা কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবাদ সমাবেশ করেন।
দাবি না মানলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলমবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয় ওই সমাবেশ থেকে।
পদত্যাগের দাবির বিষয়ে প্রশ্ন করলে আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, “পদত্যাগ কোনো ইস্যু নয়। আমি এখানে চাকরি করতে আসিনি, সেবা দিতে এসেছি। প্রয়োজন হলে দুই সেকেন্ড সময় লাগবে না পদত্যাগ করতে। তবে আমরা প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেব।”
তিনি বলেন, “একটি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে শৃঙ্খলা মেনে চলতে হবে। চাকরি করবো কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম মানবো না—এটি গ্রহণযোগ্য নয়।”