Published : 15 Sep 2025, 06:12 PM
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার গত বছরের রাজনৈতিক ডামাডোলের মধ্য দিয়ে যাওয়া জুলাই ও অগাস্টের চেয়ে পিছিয়ে রয়েছে।
গত জুলাই-অগাস্টে এডিপির অর্থ ব্যয় হয়েছে বরাদ্দের ২ দশমিক ৩৯ শতাংশ; যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৫৭ শতাংশ।
সোমবার এডিপি বাস্তবায়নের সবশেষ তথ্য প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ— আইএমইডি।
একক মাস হিসেবে গত অগাস্টে আগের অর্থবছরের একই মাসের তুলনায় এডিপি বাস্তবায়নের হার বাড়লেও মূলত চলতি অর্থবছরের প্রথম মাসে কমে যাওয়ায় সার্বিক চিত্র এখনও কমই রয়েছে। এ অর্থবছরের জুলাইয়ে বরাদ্দের শূন্য দশমিক ৬৯ শতাংশ ব্যয় হয়েছে; যা আগের অর্থবছরের একই মাসে ছিল ১ দশমিক ০৫ শতাংশ।
এবার ‘কাটছাঁটের’ বাজেট দেওয়ার পরও এত কম বাস্তবায়নকে ‘ভালো লক্ষণ’ হিসেবে দেখছেন না বলে অগাস্টে মন্তব্য করেছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর ব্রিফিংয়ে এসে তিনি বলেছিলেন, “আমি দেখলাম, প্রকল্পের বাস্তবায়ন এই এক মাসের, মানে জুলাইয়ের বাস্তবায়ন হাতে এসেছে, দেখলাম- এটা তো এক শতাংশেরও কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না।
“গতবছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে ধীর গতি ছিল। এ বছর তো আরও গতিশীল হওয়ার কথা। আগের বছরের অজুহাত এবছর দেওয়া চলবে না।”
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা হওয়ায় ডিসেম্বর বা জানুয়ারিতেই সংশোধিত এডিপি ঘোষণার পরিকল্পনার কথাও তিনি তুলেন।
জুলাই-অগাস্টে মোট ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ১৪৩ কোটি ০৮ লাখ টাকা।
সাধারণত অর্থবছরের প্রথম দিকে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থছাড় কম হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে।
গত জুলাইয়ে আন্দোলনের জন্য বাস্তবায়নের গতি অন্যান্যবারের তুলনায় কম ছিল। তখন আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, কারফিউ জারি, কমপ্লিট শাটডাউনের মত ঘটনায় কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়।
পরে অগাস্টে সরকার পতন হলে আওয়ামী লীগ ঘরানার ঠিকাদাররা অনেকে পালিয়ে গেলে এবং নতুন সরকার এসে প্রকল্পগুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিলে অর্থবছরের পুরো সময়টা উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা যায়।
অর্থ কাটছাঁট ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে দাবি করে অনেক প্রকল্প বন্ধও রাখে সরকার। তার প্রভাব পড়ে এডিপিতে; দুই দশকের মধ্যে তলানিতে নামে বাস্তবায়ন হার।
২০২৪-২৫ অর্থবছর শেষে সংশোধিত এডিপির মোট বরাদ্দের ৬৭ দশমিক ৮৫ শতাংশ অর্থ ব্যয় হয়। এ হার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩ শতাংশ পয়েন্ট কম।
আগের ২০২৩-২৪ অর্থবছরে এডিপির অর্থ ব্যয়ের হার ছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ।
আইএমইডির ওয়েবসাইটে ২০০৪-০৫ অর্থবছর থেকে এডিপি বাস্তবায়নের তথ্য দেওয়া আছে। বিদায়ী অর্থবছরের মত এত কম বাস্তবায়ন হার আর কোনো বছরে হয়নি।