Published : 05 Aug 2025, 10:24 AM
উদ্বোধনের দিনেই ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১০ হাজার ২০২ জন।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সোমবার ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন।
এর আগের করবছরে অনলাইনে রিটার্ন দাখিলের প্রথম দিন ৯ সেপ্টেম্বর সাড়া দিয়েছিলেন ২,৩৪৪ জন। তার মানে এবার প্রথম দিনে ই-রিটার্ন দাখিল বেড়েছে পাঁচ গুণ। অবশ্য এবারের মতো গতবার সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক ছিল না।
গত ৩ অগাস্ট এনবিআর এক আদেশে ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করে। তবে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
আর কারিগরি জটিলতার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের অনুমতি সাপেক্ষে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।
গত বছর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; তফশিলি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ এবং মোবাইল অপারেটরের চাকুরেদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করেছিল এনবিআর। অন্যদের জন্য ছিল ই-রিটার্ন বা কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ। এমন পরিস্থিতিতে ই-রিটার্ন দাখিল করেছিলেন ১৭ লক্ষাধিক করদাতা।
www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে জমা দিতে পারছেন। সেজন্য করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক নিবন্ধিত কি না, তা আগে যাচাই করে নিতে হবে। যাচাই করার জন্য ১৬০০১ নম্বরে ডায়াল করতে হবে।
ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল আর্থিক সেবা অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে ই-রিটার্ন দাখিল করতে পারেন। এ ব্যবস্থায় ই-রিটার্ন দাখিলের স্বয়ংক্রিয় প্রাপ্তি স্বীকারপত্র এবং স্বয়ংক্রিয় আয়কর সনদ প্রিন্ট করে নেওয়ার সুযোগ আছে।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে কোন সমস্যা হলে তার তাৎক্ষণিক সমাধান পেতে কল সেন্টারে যোগাযোগ করতে বলেছে এনবিআর।
ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন জমা যেভাবে
ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তির ক্ষেত্রেও দেখাতে হবে রিটার্ন জমার প্রমাণপত্র