Published : 22 Apr 2026, 08:58 PM
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসা বা এলডিসি উত্তরণে আরও সময় চাওয়া হলেও এ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়টি সরকারের অগ্রাধিকারে থাকার কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।
বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমরা গ্র্যাজুয়েশনের এক্সটেনশন চাইছি। কিন্তু গ্র্যাজুয়েশনের প্রস্তুতি তো আমাদের নিতে হবে। এক্সটেনশন তো আসলে নির্ভর করছে, আমাদের যে এখন প্রস্তুতির যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা আসলে আমরা পূরণ করছি কীভাবে। সেটা তো আমাদের নিজেদের প্রয়োজনেও দরকার।
"সেই প্রস্তুতির জায়গাগুলো পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কারণে যে বিপর্যয়ের মধ্যে ছিল, সেখান থেকে পুনর্গঠন, সংস্কার এবং সেটাকে একটা এফিশিয়েন্ট জায়গায় নিয়ে আসা সরকারের অগ্রাধিকারের জায়গা।”
উন্নয়ন পরিমাপে ‘প্রকৃত তথ্য’ প্রয়োজন এবং তা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও প্রতিশ্রতি দেন জোনায়েদ সাকি।
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।