২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চায় ডিসিসিআই

যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে সাপ্লাইচেইন ব্যহত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করেন এ সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 08:31 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

শেখ হাসিনার পতনের পর ঢাকাসহ সারাদেশে ভেঙ্গ পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দ্রুত অর্থনীতি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। 

ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রতিকূল পরিস্থিতিতে দেশব্যাপী আইনশৃঙ্খলা পুনঃস্থাপন এবং স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম সচল করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। 

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে সাপ্লাইচেইন ব্যহত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করেন এ সংগঠন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত বেসরকারি খাতকে অতি দ্রুত এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি। 

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই সংশ্লিষ্টদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে মনে করে ডিসিসিআই ।  

“দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়ক করার জন্য একটি উপযুক্ত পরিবেশ স্থাপন করতে হবে।  একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশে বিদেশে ব্যবসায়িক আত্মবিশ্বাস এবং কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে।”

ডিসিসিআই বলেছে, গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার, বেসরকারি খাত, রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী এবং টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করতে হবে, যার মাধ্যমে সম্প্রতি ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব হবে।

দেশের সামগ্রিক উন্নতির স্বার্থে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট সব মহল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথাও বলেছে ব্যবসায়ীদের এ সংগঠন।