১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোন স্তরে কত বাড়ছে সিগারেটের দাম?

নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তর ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তর ২১০ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 04:04 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

নতুন অর্থবছরে সব স্তরের সিগারেটে দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় নতুন দাম ঘোষণা করেন।

রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির ‘সর্বোচ্চ সমন্বয়’ করতে অর্থমন্ত্রী তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে এ প্রস্তাব করেন।

তিনি বলেন, “সিগারেটের নূন্যতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তর ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তর ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।”

বর্তমানে ১০ শলাকার এক প্যাকেট নিম্ন স্তরের সিগারেটের মূল্য ৬০ টাকা। সেই হিসাবে এই স্তরে দাম বাড়তে যাচ্ছে দুই টাকা।

মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম বর্তমানে ৮০ টাকা। ৯২ টাকা হলে ১২ টাকা বাড়তি গুনতে হবে ভোক্তাদের।

উচ্চ স্তরের সিগারেটে বর্তমানে প্রতি প্যাকেটে দাম পড়ে ১৪০ টাকা। এই স্তরে বাড়তে যাচ্ছে ২০ টাকা।

বাজেটে সবচেয়ে বেশি দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের ক্ষেত্রে।

এই স্তরে ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।