১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রার্থীদের ই-রিটার্ন দাখিল: ছুটির দিনেও মিলবে সেবা

ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অনলাইনে আয়কর বিবরণী (ই-রিটার্ন) দাখিলে আগামী শুক্রবার ও শনিবার ছুটির দিনেও এ সংক্রান্ত সেবা দেবে এনবিআর।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে কর আদায়কারী এ সংস্থাটি বলছে, নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীগণের অনলাইনে রিটার্ন দাখিল সহজীকরণে এনবিআরের উদ্যোগে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে। 

“হেল্পডেস্কে এ অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা প্রদান করা হবে।”

বিশেষ এ ব্যবস্থার আওতায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের (আইইবি) সপ্তম তলায়  ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।

শনিবার একই জায়গায় সকাল ৯টা থেকে এ সেবা চালু হবে এবং বিকাল ৫টায় শেষ হবে।

নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে।”

তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।