Published : 16 Mar 2026, 11:58 AM
ব্যক্তিশ্রেণির করদাতারা অনলাইনে লিখিত আবেদন করে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারবেন; জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর সায় মিললে জুন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন তারা।
২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে আগেই আদেশ জারি করেছিল এনবিআর।
সোমবার এক বিজ্ঞপ্তিতে কর আদায়কারী এ সংস্থা বলছে, কোনো ব্যক্তিশ্রেণির করদাতা এ সময় শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর কমিশনার বরাবর অনলাইনে আবেদন করলে বাড়তি আরও ৯০ দিন সময় পাবেন।
রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি 'সহজ', 'দ্রুত', 'স্বচ্ছ' এবং 'স্বস্তিদায়ক' করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনলাইন সিস্টেমও চালু করেছে এনবিআর।
এর জন্য করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
অনলাইনে দাখিল করা আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা নামঞ্জুর করতে পারবেন।
করদাতার সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে তিনি কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে করদাতাদের ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের আগে আবেদন করা বাধ্যতামূলক।
যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
এনবিআর ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
চলতি করবর্ষে বিভিন্ন কারণ দেখিয়ে চার দফায় এক মাস এক মাস করে রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে কর আদায়ের এ সংস্থা।
আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়; এরপর সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল। তৃতীয় দফায় এ সময় বাড়িয়ে করা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। পরে এটি আরেক দফায় বাড়িয়ে ৩১ মার্চ করা হয়।
এনবিআর ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে নিয়ে আসতে বারবার এ সুযোগ বাড়াচ্ছে; নতুন সুযোগের ফলে গত অর্থবছরের আয়ের ওপরের আয়কর রিটার্ন চলতি অর্থবছরের প্রায় পুরো সময়জুড়ে দাখিলের সুযোগ হল।
এনবিআর বলছে, ইতোমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।