বিশাল জয়ে ডাকসুতে শিবিরের সাদিক, ফরহাদ, মহিউদ্দীন
ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
জুলাই অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির।
ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদিক কায়েম এবং জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান জয় পেয়েছেন বিপুল ভোটে।
প্রতিদ্ব্ন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছেন তারা।
মঙ্গলবার শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর সারারাত পেরিয়ে বুধবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।
ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৯টিতে। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা কোনো পদে জয়ের মুখ দেখেননি। তেমনি বাং সংগঠনগুলোর দুটো প্যানেল কিংবা এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকেও কেউ সফল হতে পারেননি।
