১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউ ল্যাব কেন্দ্র: সাংবাদিক ও পোলিং এজেন্ট ঢুকতে বাধার অভিযোগ

“পোলিং এজেন্ট এখানে আছে…সকাল থেকে এখানে নিউজ লাইভও করা হয়েছে,” বলছেন রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 12:51 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

আর ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজানের অভিযোগ, ওই কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ছাত্রশিবিরের ফরহাদের অভিযোগ, সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি।

তবে ইউল্যাব স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা শহীদুল জাহিদ বলনে, “পোলিং এজেন্ট এখানে আছে। জিএস প্রার্থী মারজানের দুইজন পোলিং এজেন্ট বসে আছেন। আমাদের পর্যবেক্ষকরা আছেন।”

সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “সকাল থেকে এখানে নিউজ লাইভও করা হয়েছে, বাংলাভিশন টেলিভিশনে।”

সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফটোসাংবাদিক মাহমুদ জাামন অভি। ওই সময় ফটক থেকে তাকে বলা হয়, ‘এই মুহূর্তে’ কেন্দ্রে ঢোকা যাবে না।

ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শামসুন নাহার হলের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। কেন্দ্রটিতে মোট ৪০৯৬ জন ভোটার রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে।