১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাকসুতে ভোট কারচুপির অভিযোগ, শাহবাগে জড়ো হচ্ছে ছাত্রদল

এর আগে ভোট শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। তবে তারা ভোট বর্জন না করার কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 12:04 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ফল কারচুপির অভিযোগ তুলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জড়ো হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার রাত ১১টা থেকে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীকে সেখানে জড়ো হতে দেখা যায়।

এর কিছু আগে মিছিল নিয়ে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়।

এ অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর হচ্ছে চাকসু নির্বাচন, যাতে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন।

ভোট শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। তবে তারা ভোট বর্জন না করার কথা বলেন।

রাতে শাহবাগে ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, “আমরা দেখেছি ডাকসু ও জাকসু নির্বাচনে নানা কারচুপি হয়েছে। এবার যদি চাকসুতে যদি কোনো প্রকার অনিয়ম দেখি, ছাত্রদল শক্ত হাতে প্রতিহত করবে।”

কারও নাম না নিয়ে তিনি বলেন, ছাত্রদল এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছে বলে ‘মুনাফেকরা’ ঠিক আছে। তবে ছাত্রদল দাঁড়ালে মুনাফেকরা টিকতে পারবে না।

এসময় চাকসুতে কোনো অনিময় হলে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সেটা রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানান।