১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ে: ফটিকছড়িতে কিশোরীর মাকে কারাদণ্ড

বরপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বাল্যবিয়ে: ফটিকছড়িতে কিশোরীর মাকে কারাদণ্ড

বাল্য বিয়ের প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 09:00 PM

Updated : 29 Dec 2022, 09:00 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে দেওয়ার অপরাধে তার মাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে সানমুন কনভেনশন সেন্টারে বুধবার রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি।

দণ্ডিত ৪৫ বছর বয়সী ওই নারী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী।

ইউএনও সাব্বির রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২১ ডিসেম্বর ১৪ বছরের ওই কিশোরীর সঙ্গে আমানবাজার এলাকার এক যুবকের ঘরোয়াভাবে বিয়ে হয়।

“গতকাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করে কনেকে বরপক্ষের কাছে তুলে দেওয়ার কথা ছিল। বাল্য বিয়ের সংবাদ পেয়ে প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠিয়ে সত্যতা যাচাই করি। তিনি নিশ্চিত করার পর ক্লাবে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়।”

ওই কিশোরীর বাবা প্রবাসে থাকায় তার মাকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

বুধবার রাতে কারাদণ্ড দেওয়ার পর ওই নারীকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছিল।