২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ এক ‘বন্দিদশায়’ আছে: আমীর খসরু

বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে, দেশ গভীর সংকট ও বিপদের মধ্যে পড়বে”

জনগণ এক ‘বন্দিদশায়’ আছে: আমীর খসরু

চট্টগ্রামে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 07:12 PM

Updated : 23 Apr 2023, 07:12 PM

জনগণ একটি ‘বন্দি অবস্থায়’ দেশে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এ মন্তব্য করেন এই বিএনপি নেতা।

আমীর খসরু বলেন, “সমস্ত দেশের মানুষ, সমস্ত বিশ্ব, বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে। বিশ্ব বিবেক ইতোমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

“বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে, দেশ গভীর সংকট ও বিপদের মধ্যে পড়বে। সুতরাং, নিরপেক্ষে নির্বাচন ব্যতীত এই সংকটের সমাধান নাই।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বাংলাদেশে আজ কর্তৃত্বপরায়ণ, ফ্যাসিস্ট, অনির্বাচিত, অবৈধ সরকার দখল করে দেশ চালাচ্ছে। জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এখান থেকে মুক্ত হতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যেমে বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাবে।

“পুারো রমজান মাসের ৩০ দিন এই অবৈধ দখলদার সরকার থেকে মুক্তি পেতে দেশের লক্ষ লক্ষ মানুষ দোয়া মাহাফিলে অংশ নিয়েছে। রমজান মাসেও আন্দোলন অব্যাহত ছিল, এই আন্দলোন চলবে।”

যে ধরনের কর্মসূচির মাধ্যেমে আন্দোলন সফল হবে, দেশের মানুষ আইনের শাসন ফিরে পাবে, ভোটাধিকার ফিরে পাবে এবং যতদিন পর্যন্ত জনগণের সরকার গঠন না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “বিশ্ববাসী বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কীভাবে এখানে বছরের পর বছর ভোট চুরি হচ্ছে, অবৈধভাবে ক্ষমতা দখল হয়ে আছে, কীভাবে জনগণের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। 

“জনগণ একটি বন্দি অবস্থায় দেশে বসবাস করছে। এখানে জনগণের ভোটাধিকার নাই, আইনের শাসন নাই, নিরাপত্তা নাই। এই ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা মুক্তির যে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, ইনশাআল্লাহ, আমরা সফল হব, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে মুক্ত করব।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ মহানগর, উত্তর, দক্ষিণ জেলা ও পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগীয় নেতারা এবং পেশাজীবী নেতারা এই আয়োজনে উপস্থিত ছিলেন।