চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিচার শুরু
বাড়ি নির্মাণের জন্য প্রবাসীর কাছে চাঁদা দাবি করায় এই মামলা হয়।
বাড়ি নির্মাণের জন্য প্রবাসীর কাছে চাঁদা দাবির মামলায় চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।
রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালতে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি নগরীর ষোরশহর দুই নম্বর গেইট এলাকার পেছনে বন্ধন নাথ নামে এক প্রবাসীর জায়গায় বাড়ি তৈরি নিয়ে ঘটনার জের ধরে নগরীর পাঁচলাইশ থানায় চাঁদাবাজির মামলা হয়।
বন্ধনের করা চাঁদাবাজির মামলায় দুই নম্বর আসামি করা হয়েছিল নগর স্বেচ্ছাসেবক লীগের তখনকার সদস্য দেবাশীষ নাথ দেবুকে। অপর সদস্য এটিএম মঞ্জুরুল ইসলাম রতনকে করা হয় এক নম্বর আসামি।
এই মামলায় দেবু ও রতনকে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানা পুলিশ গ্রেপ্তারও করে। দেবাশীষ নাথ দেবু গত ১০ মার্চ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন।
তখন দেবুর অনুসারীরা দাবি করেছিল, ওই জমি কেনাবেচার মধ্যস্থতা করলেও প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় এই বিরোধ হয়।
