০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রাউজানে সন্ত্রাসীর সঙ্গে ‘গোলাগুলিতে আহত’ ১২ পুলিশ

গুলিবিদ্ধ এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 03:22 PM

Updated : 01 Oct 2026, 03:22 PM

চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ১২ পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মাসুদ আলম।

রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় বুধবার রাতে পুলিশ অভিযানে গেলে এ গোলাগুলি হয় বলে ভাষ্য পুলিশের।

‘গোলাগুলির’ পর দিলদার হোসেন (৩৭) নামে আহত অবস্থায় একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ দাবি অনুযায়ী আহতরা হলেন—গোলাগুলিতে এসআই মো. জান্নাতুন নাঈম রাজন, এসআই মো. খোরশেদ আলম, এসআই মো. বায়েজিদ মৃধা, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. জুয়েল চন্দ্র বিশ্বাস, এএসআই মো. রবিউল হোসেনসহ মোট ১২ পুলিশ সদস্য।

পুলিশ সুপার মাসুদ আলম বৃহস্পতিবার জানান, রাউজান এলাকায় একটি চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে চাঁদা দাবি ও আদায় করার অভিযোগ আসছিল পুলিশের কাছে।

এ ঘটনার জন্য স্থানীয় জানে আলম ওরফে ডাকাত আলম, মোহাম্মদ আজিজ ও তাদের অনুসারীদের দায়ী করে পুলিশ বলছে, গত ২৫ সেপ্টেম্বর এসব সন্ত্রাসীরা আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। এরপর বুধবার রাতে অভিযানে যায় পুলিশ।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বুধবার রাতে দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় জানে আলমের বাড়িতে পুলিশ অভিযানে যায়। সন্ত্রাসীরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুই পক্ষের গোলাগুলির পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দিলদারকে আটক করতে পারলেও সেখানে থাকা জানে আলম, আজিজ এবং তাদের অপরাপর সহযোগী রুবেল, মামুন ও বাঁচা পালিয়ে যায়।

পরে দিলদারের দেয়া তথ্যে পুলিশ বাড়ি থেকে একটি দোনলা ও একটি একনলা বন্দুক, ১১৯ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, ছয় রাউন্ড কার্তুজ ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।