বোয়ালখালীতে সাপের দংশনে স্কুলছাত্রীর মৃত্যু
ঘরের মেঝেতে একটি ইঁদুর পড়ে ছিল, মেয়েটির বাঁ হাতের আঙ্গুলে ছিল সাপে কাটার দাগ।
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ভেতর সাপের দংশনে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোর রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
তানজিনা আক্তার নামের ৯ বছরের শিশুটি ওই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত সে।
শাকপুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যার এবং ১ নম্বর হওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তানজিনা ও তার ছোট ভাইকে নিয়ে রাতে ঘরের মেঝেতে ঘুমিয়েছিলেন তাদের মা। ওই সময় তানজিনাকে সাপে কাটে বলে ধারণা করছে তার পরিবার।
“রাতে ঘুম থেকে উঠে তানজিনা পানি খেয়েছিল। এরপর ছটফট শুরু করলে প্রতিবেশীদের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ইউপি সদস্য মোজাম্মেল বলেন, “তানজিনাদের বাড়িতে আমরা গিয়েছিলেন। সেখানে মেঝেতে একটি ইঁদুর পড়ে ছিল। তানজিনার বাঁ হাতের আঙ্গুলে সাপে কাটার দাগ দেখা গেছে।”
গত সপ্তাহের ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে শাকপুরা এলাকার বিভিন্ন স্থানে পানি উঠেছিল। তখন থেকেই এলাকায় সাপের উপদ্রব বেড়েছে বলে জানালেন এই ইউপি সদস্য।
