তৃণমূল পর্যায়ে চিকিৎসার উন্নতি আমার প্রথম দায়িত্ব: সামন্ত লাল
“আমাদের সাধারণ মানুষ গরিব মানুষ। রাঙামাটির উপজেলায় যদি একটা প্রবলেম হয়, তাকে তো চিটাগাং নিয়ে আসা ভীষণ কষ্টকর।”
তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান বাড়াতে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
সামন্ত লাল বলেন, “সবার সাথে কথা বললাম। সবার কথা শুনলাম। এটা আমার প্রথম মিটিং। আমি আগে জিনিসগুলো বুঝে নেই। তবে আমার যেটা নির্দেশ, যেটা মেসেজ- সেটা হলো, তৃণমূল পর্যায়ে চিকিৎসাটাকে উন্নতি করতে হবে।
“এটা হলো আমার প্রথম দায়িত্ব। আমরা যদি উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাটার উন্নতি করতে পারি, তাহলে কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাটিতে শুয়ে থাকবে না।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সাধারণ মানুষ গরিব মানুষ- আজকে রাঙামাটির বিভিন্ন উপজেলায় যদি একটা প্রবলেম হয়, তাকে তো চিটাগাং নিয়ে আসা ভীষণ কষ্টকর।
“আমি তাদের প্রবলেমটা শুনলাম। সাথে সচিব মহোদয়, ডিজি মহোদয়। উনাদের জনবলের অভাব, জিনিসপত্রের অভাব। এসব বুঝেশুনে হয়ত নেক্সেটে মন্ত্রণালয়ে আমরা মিটিং করে তখন চেষ্টা করব। এবং তৃণমূল পর্যায়ে যাতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যায়, সেই লক্ষ্যে কাজ করব।”
চিকিৎসকদের সুরক্ষায় মনোযোগ দেবেন জানিয়ে মন্ত্রী বলেন, “আপনাদের মাধ্যমে আরেকটা মেসেজ আমি দিয়ে যাই, আবার আমাকে দেখতে হবে চিকিৎসকদের সুরক্ষা। চিকিৎসকরা যাতে শান্তিতে থাকতে পারে, এই যে রোগী মারা গেলে, কথায় কথায় হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকের উপর আক্রমণ সেটাও যাতে না হয়।
“সেটাও আমি দেখব। আবার আমার চিকিৎসকরাও যদি কোনো সময় অবহেলা, কোনো কিছু হয়, সেটাও দেখব।”
উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অভিযোগটা শুনেছি। আমি কিছুটা জানি। দুই পক্ষেরই কথা শুনতে হবে। এখন চিকিৎসকরা কেন থাকে না? আমাকে দুই পক্ষের সাথে কথা বলেই একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে চিকিৎসকরা থাকে।
“আমি যে তাকে রাখব, আমার চিকিৎসককেও ভালোভাবে রাখতে হবে। কারণ হ্যাঁ, থাকতে হবে এটা সত্যি কথা। যদি আমি ভালো ব্যবস্থা করে দিই, তারপরও যদি না থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কিন্তু তাকে আগে সুরক্ষা, থাকার মতো পরিবেশ দিতে হবে।”
