১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে মনোনয়নপত্র প্রত্যাহার ৯ জনের

তাদের মধ্যে নৌকার দুজনও আছেন।

চট্টগ্রামে মনোনয়নপত্র প্রত্যাহার ৯ জনের

চট্টগ্রামে পরীর পাহাড়ে জেলা প্রশাসকের কার্যালয়

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 10:32 PM

Updated : 21 Dec 2023, 09:50 PM

চট্টগ্রামে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ ১৬ আসন থেকে মোট ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।

রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৯ জনের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

প্রত্যাহার করে নেওয়া নৌকার দুই প্রার্থী হলেন- চট্টগ্রাম-৫ আসনের (হাটাহাজারী) আবদুস সালাম ও চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বায়েজিদ-বোয়ালখালী) বর্তমান এমপি নোমান আল মাহমুদ।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টিকে এ দুই আসন ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগ প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

চট্টগ্রাম-৫ আসন থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবেন বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম-৮ আসনে সোলায়মান আলম শেঠ।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯, ১০ ও ১১ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও অন্য ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের অধীনে ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়াদের মধ্যে আছেন- চট্টগ্রাম- ৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আব্দুস সালাম (এম এ সালাম), কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম-৮ আসনের নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-১১ আসনের জাসদের প্রার্থী জসীম উদ্দিন।

কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম চট্টগ্রাম-৫ আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও তিনি কক্সবাজার-১ আসনে নির্বাচন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার পাঁচ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

তারা হলেন- চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাম্যবাদী দলের প্রার্থী ও সাবেক শিল্প মন্ত্রী দীলিপ বড়ুয়া, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিকল্পধারার প্রার্থী মাজাহারুল হক শাহ ও ইসলামী ফ্রন্টের এম এ মতিন, চট্টগ্রাম- ১৬ আসনের (বাঁশখালী) জাসদের কামাল মোস্তফা চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী এমরানুল হক।

তাদের মধ্যে ইসলামী ফ্রন্টের এম এ মতিন চট্টগ্রাম-২ আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করলেও চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনে নির্বাচন করবেন তিনি।

সকালে দিলীপ বড়ুয়ার পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন মীরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহ্বায়ক রণজিৎ বড়ুয়া।

তিনি বলেন, “আমরা ১৪ দল একসাথে নির্বাচন করব। ১৪ দলের বৈঠকের ধারাবাহিকতায় মীরসরাই উপজেলা থেকে দিলীপ বড়ুয়ার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।”

নির্বাচনে তারা নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেলের পক্ষে কাজ করবেন বলে জানান রণজিৎ।