Published : 19 Sep 2026, 03:21 PM
চট্টগ্রামের সন্দ্বীপে শ্রমিক দলের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনি গুলিবিদ্ধ হন।
গুলিতে আহত ৪৫ বছর বয়সি নাসির উদ্দীন বাবুল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তিনি মুছাপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা তাকে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে গভীর রাতে নাসির উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন গুলিতে আহত হয়েছেন এমন খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
“কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জেনেছি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা গুলি করেছে সেটা তারা জানতে পেরেছেন। কিন্তু এখনই তারা নাম বলবেন না। তাই তদন্ত এগোনো কঠিন।”
ওসি বলেন, “উনি (নাসির উদ্দীন) সুস্থ হয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে হয়ত। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।”
স্থানীয়দের রাতে পুলিশ জানিয়েছে, নাসির উদ্দীনের ভাই ও মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম গত ৬ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তার হন। ওই ঘটনা নিয়ে এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল।