Published : 18 Dec 2023, 02:29 PM
মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত করাই এবারের নির্বাচনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নওফেল বলেন, “এবার বাংলাদেশের রাজনীতিতে গুণগত একটা পরিবর্তনের সুযোগ এসেছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, সেই শক্তিকে এই নির্বাচনে আমরা চিরতরে রাজনীতি থেকে বিতাড়িত করব। সেটাই সবার প্রত্যাশা।
“বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এত দূর নিয়ে এসেছেন। আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের ভাবতে হয় জ্বালাও পোড়াও সন্ত্রাসকারীদের বিষয়ে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতাকারীদের বিষয়ে। তাদের প্রশ্নে আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরকে আর রাজনীতিতে রাখবে না।”
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে নৌকার প্রার্থী নওফেল বলেন, “তারাও কিন্তু মাঠ ছেড়ে এখন মানুষকে গোপন আক্রমণ করার জন্য ইতোমধ্যে তাদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, জঙ্গিবাদী কার্যকলাপ শুরু করেছে। এই নির্বাচনে আমরা শুধুমাত্র নির্বাচন করব না, এই অপশক্তিকেও প্রতিহত করার কাজটাও করব।
“তাই সাধারণ মানুষকে আমরা বলছি, যার যার রাজনৈতিক মতামত… যাদের আপনারা পছন্দ করেন, যাদের নির্বাচনি ইশতেহার গ্রহণযোগ্য মনে হবে- আসুন তাদের পক্ষে ভোট দিই অথবা অপছন্দ হলে তাদের বিপক্ষে ভোট দিই।”
নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে কি করবেন জানতে চাইলে নওফেল বলেন, “এবার আমাদের তরুণ ভোটারদেরকে নিয়ে…। বিশেষ করে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগকে নিয়ে এগিয়ে যাব। ৫০ শতাংশ আমাদের ভোটার মহিলা। তাদের সবাইকে নিয়ে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের একটা সুবর্ণ সুযোগ এসেছে।
“পুরো সংগঠনকে চাঙা করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। কারণ পরবর্তী নির্বাচনে কিন্তু তারা সর্বশক্তি দিয়ে নামবে। সেটা হচ্ছে পালিয়ে থাকা বিএনপি নেতা তারেক রহমানের পরিকল্পনা। সেটার জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। আমাদের প্রস্তুতিটা রাজনৈতিক। তাদের প্রস্তুতিটা অপরাজনৈতিক।”
নগর আওয়ামী লীগ নেতা চন্দন ধর, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজ এ সময় নওফেলের সঙ্গে ছিলেন।