২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে শিশুমেলার আয়োজনে লালন স্মরণ উৎসব

এ উৎসবের মূল আকর্ষণ ছিল ফরিদপুর লালন পরিষদের শিল্পীদের গান।

চট্টগ্রামে শিশুমেলার আয়োজনে লালন স্মরণ উৎসব

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে উৎসবে লালন সঙ্গীত পরিবেশন করেন পাগলা বাবলু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 07:58 PM

Updated : 25 Oct 2022, 07:58 PM

ফকির লালন শাহয়ের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে চট্টগ্রামে স্মরণ উৎসব হয়ে গেল ছোটদের সাংস্কৃতিক জগত শিশুমেলার আয়োজনে। 

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ উৎসবের মূল আকর্ষণ ছিল ফরিদপুর লালন পরিষদের শিল্পীদের গান।

‘মানুষ ভজলে, সোনার মানুষ হবি’ স্লোগান নিয়ে উৎসবের উদ্বোধনী পর্বে আয়োজক পরিষদের চেয়ারম্যান ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, “লালন সারা পৃথিবীর বাঙালির সম্পদ। বহুমাত্রিক এক ব্যক্তিত্ব লালন। 

“স্বাধীন ভূখণ্ডের আশা বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন। আর এর নেপথ্যের ইতিহাস যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছেন, তেমনি লালনও সৃষ্টি করেছেন। তিনি তার কর্মে ও প্রতিভায় বিশেষ কোনো ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন না। লালনের চেতনা অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনা না থাকলে বাংলাদেশ থাকে না।” 

সিরাজুল ইসলাম বলেন, “আজ আমাদের অনেক উন্নতি অগ্রগতি। কিন্তু সমাজ যদি অসাম্প্রদায়িক ও মানবতাবাদী সমাজ না হয়, তাহলে এসব অগ্রগতি টিকবে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ হতে হবে। লালনের মানবতার বার্তা সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুষ্ঠানে বলেন, “উপমহাদেশের মানবতার মহান পুরুষ লালন সাঁইজি। বাউল সংগীতে আলো ও মাধুর্য আছে। আধ্যাত্মিকতা, সাম্য ও মানবতায় লালন এক কীর্তিমান মানুষ। লালনের দর্শন এক বহুমুখী দর্শন। নতুন প্রজন্মের মাঝে লালনের জীবনধারা তুলে ধরা খুব প্রয়োজন।” 

সেন্ট স্কলাস্টিকা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মাগ্রেট মনিকা জিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিজয় কিষাণ। স্বাগত বক্তব্য দেন শিশুমেলার উদ্যোক্তা রুবেল দাশ প্রিন্স। 

প্রদীপ প্রজ্জ্বালনের মধ্যে দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে লালন সংগীত পরিবেশন করেন পাগলা বাবলু, জোহরা বাউল, হাবিবুর রহমান বাউল, চট্টগ্রামের লুপর্না মুৎসুদ্দী, প্রণয় ধর ও জয় দত্ত। 

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার, প্রকৌশলী রূপক চৌধুরী, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক চৌহান, শিল্পী মানস পাল, জ্যেষ্ঠ সাংবাদিক প্রণব বল, খেলাঘর মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোরশেদুল আলম চৌধুরী, যুব নেতা শিবু প্রসাদ চৌধুরী অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।