১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি: সিইউএফএলে ২ দিনের মাথায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ

এক কর্মকর্তা বলেছেন, গ্যাসের চাপ কম থাকতে পারে জানিয়ে চিঠি দিয়েছে কেজিডিসিএল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 08:36 PM

Updated : 17 Sep 2026, 08:36 PM

ছয় মাস পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড-সিইউএফএলে পুরোদমে কাজ শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিনের মাথায় ফের ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার কারখানার একাধিক উর্ধ্বতন কর্মকর্তা ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার তথ্য দিয়েছেন।

তারা বলছেন, অ্যামোনিয়া উৎপাদনের কাজ চলছে।

মেরামত কাজ শেষে শনিবার থেকে আবার ইউরিয়ার উৎপাদন শুরু হতে পারে বলেছেন ওই কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার থেকে কারখানাটিতে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন পুরোদমে শুরু হয়। এজন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহও মিলছিল।

গ্যাস সংকটের কারণে চলতি বছরের ৪ মার্চ সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর প্রায় সাড়ে পাঁচ মাস পর ২৫ অগাস্ট থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ শুরু হয়।

এরপর প্রয়োজনীয় সংস্কার শেষে কারখানাটি উৎপাদনে ফিরেছিল। বৃহস্পতিবার ভোরে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

সিইউএফএলের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) সমীরণ মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতরাতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আপাতত ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়েছে। মেরামত কাজ চলছে। আশা করি মেরামত কাজ শেষে শনিবার থেকে আবার উৎপাদন শুরু হবে। অ্যামোনিয়া উৎপাদন অব্যাহত আছে।”

পুরোদমে উৎপাদন শুরুর পর সিইউএফএল পূর্ণ মাত্রায় চালু রাখতে প্রয়োজনীয় ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সিইউএফএলের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার ভোরে ইউরিয়া প্ল্যান্টের রিসাইকেল সলিউশন (আরসি) পাম্পে ত্রুটি দেখা দেয়। এরপর ভোর ৪টা ১০ মিনিটের দিকে প্ল্যান্টটি বন্ধ করা হয়।

তাছাড়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর সিইউএফএল-কাফকো সরবরাহ লাইনে কিছু সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে বলে গ্যাস সরবরাহকারী সংস্থাটির পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়।

এরপর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সিইউএফএলের ইউরিয়া উৎপাদন কেন্দ্র বন্ধ রেখে সংস্কারের সিদ্ধান্ত হয়। তবে অ্যামোনিয়া উৎপাদন চালু রাখা হয়েছে।

জাপানের কারিগরি সহায়তায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় স্থাপিত সিইউএফএলে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন করা হয়।

১৯৮৭ সালের ২৯ শে অক্টোবর এই সার কারখানাটি পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করে। ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে সিইউএফএল বাণিজ্যিক উৎপাদনে যায়।

গত দুই বছর ধরে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে কয়েক দফায় বন্ধ ছিল।

কারখানাটি চালুর সময় এতে দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া এবং ১ হাজার ১০০ টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা ছিল।

বর্তমানে এ সার কারখানার উৎপাদন সক্ষমতা দৈনিক ১ হাজার ১০০ টন ইউরিয়া ও ৮০০ টন অ্যামোনিয়া।