০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নিখোঁজ কবিয়ালের লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’

তাকে ‘খুন’ করে লাশ পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছে বলে পরিবারের সন্দেহ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 10:09 PM

Updated : 19 Oct 2022, 10:10 PM

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ; পরিবারের দাবি, তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ধনার দোকান এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কমল দাশের (৬৬) বাড়ি ওই ইউনিয়নের ইমামুল্লার চরে। তিনি বিভিন্ন স্থানে পুঁথি পাঠ ও কবি গান করতেন বলে জানান তার ছেলে অন্তর দাশ।

বোয়ালখালী থানার এসআই আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মরদেহটি উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। লাশ পচে যাওয়ায় মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।”

অন্তর দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৬ অক্টোবর বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন তার বাবা।

“পাশাপাশি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। দুই দিন ধরে তাকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার থানায় সাধারণ ডায়েরি করি আমরা।”

তার সন্দেহ, তার বাবাকে ‘খুন’ করে লাশ পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছিল। তবে কারা তাকে খুন করতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।