চট্টগ্রামে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন
মাঝরাতে ঘরের বেড়া কেটে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণ করেন তিনি।
চট্টগ্রামের ফটিকছড়িতে তিন বছর আগে এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আবু তাহের (৬১) ফটিকছড়ির ভুজপূর থানা এলাকার বাসিন্দা।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
“রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
মামলার নথি বলছে, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এক কিশোরীকে ধর্ষণ করেন তাহের। আত্মীয় ও প্রতিবেশী হওয়ায় সেদিন রাতে তারা একসঙ্গে খাওয়াদাওয়া করেন। তাহের বাজার থেকে দুধ এনে দিয়েছিলেন, যা বাড়িতে থাকা ওই কিশোরী, তার মা ও ছোট ভাই খেয়েছিল। পরে মাঝরাতে ঘরের বেড়া কেটে প্রবেশ করে কিশোরীকে তিনি ধর্ষণ করেন।
মামলায় কিশোরীর মা বলেন, বাজার থেকে আনা দুধের সঙ্গে কিছু মেশানো ছিল। ফলে তারা গভীর ঘুমে ছিলেন।
ধর্ষণের মামলার পর তাহেরের বিরুদ্ধে ২০২৩ সালের ১ জুন আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় আটজনের সাক্ষ্য নেওয়া হয়। আসামি নিজে সাফাই সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে মঙ্গলবার রায় এল।
