১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খেলাপি ঋণ: চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে পরোয়ানা

এসবিএসসি ব্যাংকের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে অর্থঋণ আদালত।

খেলাপি ঋণ: চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে পরোয়ানা
মাহমুদুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2024, 08:41 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

দশ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেয়।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসবিএসসি ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখার ১০ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

“ব্যাংকের পক্ষ থেকে করা জারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের শুনানি শেষে অর্থঋণ আদালত ঋণ খেলাপি মাহমুদুল ইসলাম চৌধুরীর কাছ থেকে ‘খেলাপি ঋণ আদায়ে বাধ্য করার প্রয়াস হিসেবে’ তার বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ এবং ওই আটকাদেশ কার্যকরের জন্য অর্থঋণ আইনের ৩৫ ধারা অনুসারে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।”

মামলার নথি থেকে জানা গেছে, খেলাপি ঋণ আদায়ের জন্য এসবিএসসি ব্যাংক আগ্রাবাদ শাখার পক্ষ থেকে ২০২২ সালে অর্থ ঋণ আদালতে মামলা করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৭ মার্চ ঋণ গ্রহণকারী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মাহমুদুল ইসলামের বিরুদ্ধে ডিক্রি জারি করে আদালত।

ওই ডিক্রিতে মূল টাকা হিসেবে ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকার ওপর ২০২২ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ১২ শতাংশ হারে সুদ ও অন্যান্য খরচসহ মোট ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

সেই টাকা টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হলেও তা পরিশোধ না করায় ঋণগ্রহিতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গত ৮ জুলাই একটি জারি মামলা করা হয় ব্যাংকের পক্ষ থেকে।

মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে বলা হয়, ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য অর্থঋণ আইন ২০০৩ এর ৩৩ ধারার বিধান অনুযায়ী নিলাম কার্যক্রম গ্রহণ করাও সম্ভব হয়নি।

আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আদেশ দিল আদালত।