Published : 13 Sep 2025, 08:19 PM
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাজার স্থানান্তর এবং মসজিদ নির্মাণের আবেদনকে ‘ধর্ম অবমাননার শামিল’ হিসেবে দেখছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শনিবার দলের চেয়ারম্যান এম এ মতিন ও মহাসচিব স উ ম আবদুস সামাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দেশবাসী এই ‘ইসলামবিরোধী ষড়যন্ত্র’ প্রতিহত করবে।
সম্প্রতি মাজার স্থানান্তর ও মসজিদ নির্মাণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেন এক আইনজীবী।
এ আবেদনের বিরোধিতা করে বিজ্ঞপ্তিতে ইসলামী ফ্রন্টের নেতারা বলেন, “নিরাপত্তার অজুহাতে হাই কোর্ট মাজার শরীফ সরানোর আবেদন করা সরাসরি ইসলাম অবমাননার শামিল। বাংলার জনগণ তা কখনও তা মেনে নেবে না, দেশবাসী এ ইসলামবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে।
“নিরাপত্তার প্রয়োজন হলে মাজার প্রাঙ্গণ থেকে হাই কোর্ট সুপ্রিম কোর্ট অন্যত্র সরিয়ে নিন। ঢাকা যখন ঢাকা হয়নি, তখন এ মাজার শরিফ প্রতিষ্ঠা হয়েছে। হাই কোর্ট প্রতিষ্ঠার ৬০৭ বছর আগে সেখানে ওলী-এ-বাংলা হযরত শাহ্ খাজা শরফুদ্দিন চিশতী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রতিষ্ঠা হয়।”