চট্টগ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে, বলেন বোয়ালখালী থানার ওসি।
চট্টগ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে।
নেজাম উদ্দিন নামে ৪০ বছর বয়সি নিহত এই ব্যক্তি ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। শাকপুরা লালার হাট এলাকায় মুদি দোকানি করতেন তিনি।
বোয়ালখালী থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে পারিবারিক জমি নিয়ে নাজিমের সঙ্গে তার ছোট ভাই সুমনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই সুমন কোদালের হাতলের মত একটি লাঠি দিয়ে নাজিমের মাথার পেছনে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
“প্রতিবেশীরা নাজিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, ঘটনার পরপর সুমন পালিয়ে গেছেন। পুলিশ লাশ হেফাজতে নিয়েছে।
