Published : 12 Jun 2026, 01:23 PM
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে তাকে এক বছরের জন্য সিডিএ চেয়ারম্যাদের দায়িত্ব দেওয়া হয়।
আদেশে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে বেলায়েতকে।
পাশাপাশি আরেক আদেশে সিডিএ চেয়ারম্যান পদে এতদিন দায়িত্ব পালনকারী প্রকৌশলী নুরুল করিমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন।
সিডিএ চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব পাওয়া বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
ছাত্রজীবনে বেলায়েত ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
যোগাযোগ করা হলে বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তৃণমূলের একজন কর্মী হিসেবে আমাকে মূল্যায়ন করায় আমি মাননীয় প্রধনামন্ত্রী তারেক রহমান ও আমার দলের কাছে কৃতজ্ঞ।
“চট্টগ্রাম হলো পাহাড়, সাগর, নদী ও সমতলের এক অনন্য মেলবন্ধন। মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রামকে ঘিরে যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমি কাজ করে যাব। এজন্য সবার পরামর্শ নিব।”
চট্টগ্রাম নগরীর আবাসন সমস্যা নিরসনকে কাজের ক্ষেত্রে অগ্রাধিকারে রাখবেন জানিয়ে তিনি বলেন, “বন্দর নগরী চট্টগ্রামকে পরিকল্পিতভাবে বিশ্বের অন্য আধুনিক নগরীর মত গড়তে চাই। একটি গ্রিন সিটি করাই আমার লক্ষ্য।”
আগামী রোববার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান প্রকৌশলী বেলায়েত।