১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাল নোট উদ্ধারের মামলায় চট্টগ্রামে দুইজনের যাবজ্জীবন

জামিন নিয়ে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 10:25 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

চট্টগ্রামে ২০১৫ সালে সাড়ে ছয় লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তারের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে ৪৮ বছর বয়সি রাজীব ধর কক্সবাজার জেলার চকরিয়া থানার দিগরপাল খালী গ্রামের মনোরঞ্জন ধরের ছেলে। অন্যজন ৩৭ বছর বয়সি মো. জসীম চট্টগ্রামের পটিয়া থানার দক্ষিণ খোলাইন গ্রামের মৃত আহম্মদ নবীর ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় করা অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

“দুই আসামিই জামিন নিয়ে পলাতক। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।” 

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২৮ মে র‌্যাব-৭ এর সদস্যরা নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিলের মূল ফটকের বিপরীত পাশে একটি রেস্টুরেন্ট থেকে রাজীব ও জসিমকে আটক করে। সেদিন তাদের কাছ থেকে ৬ লাখ টাকা ৫০ হাজার টাকা মূল্যের এক হাজার ও পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করে, দীর্ঘদিন ধরে তারা জাল নোটের ব্যবসা করে আসছিল। 

এ ঘটনায় র‌্যাব-৭ এর সে সময়ের ডিএডি মো. শহীদুল্লাহ বায়েজীদ বোস্তামি থানায় মামলা করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারার ওই মামলায় ২০১৭ সালের ১ মার্চ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হল।