Published : 04 Jul 2026, 01:43 PM
চট্টগ্রাম নগরীর বিআরটিসি এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে চার বছর বয়সি শিশু মোহাম্মদ দিয়ান। শিশুটির পরিবার নগরীর এনায়েত বাজার এলাকার বাসিন্দা। জামতলায় নানা বাড়িতে বেড়াতে আসে দিয়ান।
স্থানীয়রা জানিয়েছে, দিয়ানের মামা আজহারুল হকের সঙ্গে প্রতিবেশী নুরুন্নবীর পরিবারের পূর্ব বিরোধ ছিল। শুক্রবার রাতে তাদের ঝগড়া হলে নুরুন্নবী ছুরি নিয়ে আজহারুলকে মারতে এসে। তাকে মারতে না পেরে শিশু দিয়ানের পেটে ছুরিকাঘাত করে।
আহত শিশুটিকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনা নিয়ে কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে দুই পরিবারের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে শিশুটিকে ছুরি মারে। আমরা ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছি।”
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।