১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কর্ণফুলীতে বনভোজনের নৌকাডুবি, তীরে ফিরেছেন ৬০ যাত্রীর সবাই

“পানিতে ডুবে থাকা ড্রেজারের সঙ্গে ধাক্কা খেয়ে বোটটি উল্টে যায়,” বলেন স্থানীয় এক মাঝি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 06:50 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কাপ্তাইগামী যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে।

শুক্রবার দুপুরে বেতাগী ইউনিয়নের গোলাম ব্যাপারী হাট এলাকার এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নৌপুলিশ জানিয়েছে।

নৌযানটিতে প্রায় ৬০ জন ছিলেন। নদীর তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এবং স্থানীয়দের সহায়তায় সবাই উদ্ধার হয়েছেন।

স্থানীয় বাসিন্দা নৌকার মাঝি মো. সেলিম বলেন, “চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে একটা পিকনিকের বোট যাচ্ছিল। নদীর ওইখানে ১০-১২ দিন আগে একটা ড্রেজার ডুবে যায়। সেই জায়গাটাতে চিহ্নিত করার মত কোনো বয়া বা পতাকা নেই।

“আমরা সিগন্যাল দেওয়ার পরও বোটের লোকজন বুঝতে পারেনি। ডুবে থাকা ড্রেজারের সঙ্গে ধাক্কা খেয়ে বোটটি উল্টে যায়।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নৌযানটি উল্টে গেলে যাত্রীরা নদীতে পড়ে যান। যাত্রীরা কেউ কেউ চিৎকার করছিলেন। পরে নদীর পাড়ে থাকা কয়েকটি নৌকা নিয়ে দ্রুত এগিয়ে যান মো. সেলিমসহ স্থানীয় বাসিন্দারা। তারা লঞ্চের যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

নৌযানটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকা থেকে একটি ক্লাবের পিকনিকের লোকজন নিয়ে কাপ্তাই যাচ্ছিল। 

চট্টগ্রামের নৌ পুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাপ্তাই যাওয়ার সময় পিকনিকের একটি বোট কর্ণফুলী নদীর বেতাগী এলাকায় ডুবে গিয়েছিল। কেউ হতাহত হয়নি। স্থানীয়রা সবাইকে নিরাপদে উদ্ধার করেছে।”

ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দারা দাবি করছেন, নদীতে ডুবে থাকা ড্রেজারটির জন্য ওই পথে চলাচলকারী বিভিন্ন নৌযানে দুর্ঘটনায় পড়ছে।