১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে মোশাররফ হোসেনের জানাজার পর মিছিল, গ্রেপ্তার ২৫

মিছিলের ঘটনায় কোতোয়ালী ও খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 09:30 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার পর মিছিল করায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর নগরীর কোতোয়ালী ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

নগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কোতোয়ালী থানা এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। আর খুলশী থানা পুলিশ গেপ্তার করে ছয়জনকে।

মিছিলের ঘটনায় এ দুটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়েছে।

সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জড়ো হন। জানাজা শেষ হতেই মরদেহ নিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্সে। তখন মাঠের চারপাশ থেকে তার সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন।

স্লোগান ওঠে ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান।

নেতাকর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে ছিলেন। অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন-

স্লোগানে স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফকে শেষ বিদায়