Published : 10 Apr 2026, 12:19 AM
চৈত্র মাসের শেষ সপ্তাহে কাল বৈশাখীর প্রভাবে দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।
বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, বেলা বাড়লে চলে মেঘ-রোদের লুকোচুরি, বিকালেও বিভিন্ন এলাকায় নামে বৃষ্টি।
সকালে বৃষ্টির কারণে স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। নগরীর হিজরা খাল সংলগ্ন প্রবর্তক মোড় ও কাতালগঞ্জ এবং জামালখান খাল সংলগ্ন রহমতগঞ্জ এলাকার কয়েকটি স্থানে সড়কে কয়েক ঘণ্টা পানি জমে।

সেইসঙ্গে বিকালে নগরীর হিজরা খালের প্রবর্তক মোড় অংশে সেতুর পাশের সড়কটির কিছু অংশ ভেঙে গেছে।
ঘটনাস্থলে দেখা যায়, নিচের মাটি সরে গিয়ে রাস্তার একটি অংশ ভেঙে গেছে; সেখানে ফিতা টেনে জায়গাটি ঘিরে রাখা হয়েছে।
হিজরা খালের ওপর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে কয়েক বছর আগে। তবে এখনো খালের ভেতর সীমানা দেয়াল ও খনন কাজ চলছে।
নগরীর ৩৬টি খাল নিয়ে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামে প্রকল্পের আওতায় ওই খালের সংস্কার কাজ চলছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের পরিচালক আহমদ মঈনুদ্দিন বলেন, “কেন সড়কের ওই অংশ দেবে গেছে সেটা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আপাতত বালির বস্তা ফেলে ভরাট করে দেওয়া হয়েছে। পরে কারণ জেনে পুরোপুরি সংস্কার করা হবে।”

অপরদিকে বৃষ্টির কারণে বিকালে প্রবর্তক মোড়ের অদূরে বদনা শাহ মাজার সংলগ্ন সড়কের দুই পাশে জলাবদ্ধতা তৈরি হয়। সেখানে অফিস ফেরত লোকজনকে পানি ডিঙিয়ে চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আসা রোগী ও স্বজনরা পানির কারণে বেকায়দায় পড়েন।
নগরীর হিজরা খাল ও জামালখান খালের সংস্কার কাজ চলমান থাকায় এ দুটি খাল সংলগ্ন সড়কে জোয়ারের সময় নিয়মিত পানি উঠে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিসে ২ মিলিমিটার এবং আমবাগান আবহাওয়া অফিসে ২ মিলিমিটারের কিছু কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

“এপ্রিল মাসের এই সময়টা কালবৈশাখী হওয়ার সম্ভাবনা থাকে। তাই হঠাৎ হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে যায়। আগামীকাল (শুক্রবার) থেকে রোদের দেখা মিলবে। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।”
তবে কয়েকদিন পর আবার বৃষ্টির দেখা মিলতে পারে বলেও জানান তিনি।