Published : 02 Dec 2025, 09:45 PM
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রশিক্ষণ সমাপণকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, “শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব।”

তিনি সেনাবাহিনীকে একটি ‘প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সেনাপ্রধান মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন অফিসার ক্যাডেট এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জন অফিসার ক্যাডেট কমিশন পেলেন। কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন নারী।

৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক 'সোর্ড অব অনার' এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য 'সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক' অর্জন করেন।
অনুষ্ঠানে ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের অতিথি এবং প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের বাবা-মা ও অভিভাবকেরা নবীন অফিসারদের র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।