চট্টগ্রামে ১০৫ মণ ঘন চিনি জব্দ
‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে ঘনচিনি আমদানি করে ঢাকার কেরাণীগঞ্জের একটি প্রতিষ্ঠান।
চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা আমদানি নিষিদ্ধ ১০৫ মণ ঘন চিনির (সোডিয়াম সাইক্লাইমেট) চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমসের একটি দল চালানটি জব্দ করে বলে বুধবার এনবিআর জানিয়েছে।
ঢাকার কেরাণীগঞ্জের ‘এজাজ ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে একটি কন্টেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে চীন থেকে। গত ২১ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি থেকে পণ্য খালাস বন্ধ করানো হয়। পরবর্তীতে সেটির ভেতরে দুই ধরনের পণ্য পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার তারেক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ নভেম্বর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ল্যাব প্রতিবেদনে ‘পলি অ্যালুমিনিয়ামের’ সঙ্গে ‘সোডিয়াম সাইক্ল্যামেটের’ সন্ধান পাওয়া যায়।
কন্টেইনারটিতে ৪২০০ কেজি ঘন চিনি ও ১৭ হাজার ৮০০ কেজি ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ পাওয়া গেছে বলে জানান তিনি।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর দুটি পৃথক চালানে প্রয় ১০০টন আমদানি নিষিদ্ধ ঘন চিনি জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘন চিনি কৃত্রিম মিষ্টিকারক যা সাধারণ চিনির চেয়ে প্রায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি হয়ে থাকে। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, কডেন্সড মিল্ক, শিশুখাদ্য তৈরিতে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ চিনির বদলে ঘন চিনি ব্যবহার করে থাকে।
ঘন চিনি দিয়ে তৈরি খাবার স্বাস্থ্যের জন্য ‘মারাত্মক ক্ষতিকর’। ঘন চিনি দ্বারা তৈরি খাবার ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ হতে পারে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুসারে সেটিকে আমদনি নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়।
