Published : 27 Aug 2025, 01:03 PM
চট্টগ্রামের বাঁশখালীর এক মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবিরের কর্মী সংগ্রহ অনুষ্ঠান ঘিরে বিএনপি ও জামায়াতকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
উপজেলার বাহারছড়া ইউনিয়নে দারুল ইসলাহ মাদ্রাসা মাঠে মঙ্গলবার এ ঘটনার সূত্রপাত হয়। পরে স্থানীয় মোশারফ আলী বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “দুই পক্ষ লাঠিসোঁটা হাতে মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”
এই সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা পরস্পরকে দায়ী করেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পশ্চিম ইলশা ৩ নম্বর ওয়ার্ডে দারুল ইসলাহ মাদ্রাসায় শিবিরের কর্মী সংগ্রহ অনুষ্ঠান চলছিল। মাদ্রাসা শিক্ষার্থী আমাদের এক কর্মী সেটা দেখতে গিয়েছিলেন। তখন তারা আমাদের এ কর্মীকে হেনস্তা করে।
“পরে মোশারফ আলী বাজারে বিভিন্ন এলাকা থেকে লোকজন জোগাড় করে এনে জামায়াত-শিবির কর্মীরা বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন “
অভিযোগ অস্বীকার করে এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে ইসলামী ছাত্রশিবির।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকালে দারুল ইসলাহ মাদ্রাসা সংলগ্ন মসজিদে ‘কোরআন শিক্ষার’ আয়োজন করা হয়। সেখানে ছাত্রদল নেতারা গিয়ে শিবিরের নেতাকর্মীদের ওপর ‘হামলা এবং আনুষ্ঠান করতে বাধা’ দেয়।
হামলায় শিবিরের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “দারুল ইসলাহ মাদ্রাসায় শিবিরের কর্মী সংগ্রহ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এর জেরে মোশারফ আলী হাটে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে মারামরিতে জড়ায়। এতে কয়েকজন আহত হয়েছেন।
“আমরা খবর পেয়ে দুই পক্ষকে সেখান থেকে সড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”