Published : 07 Sep 2025, 12:50 AM
চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রসাকে ইঙ্গিত করে ফেইসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার রাত ১০টা থেকে রোববার বিকাল ৩টা পর্যন্ত হাটহাজারী সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার ফাহমুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামকে (হাটহাজারী বড় মাদ্রাসা) নিয়ে পোস্ট দেওয়া আরিয়ান ইব্রাহীমকে নিজেদের হেফাজতে নেওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
হাটহাজারী সার্কেলের এডিশনাল এসপি তারেক আজিজ বলেন, ‘অবমাননাকর’ ফেইসবুক পোস্টের জেরে শনিবার সন্ধ্যায় মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। অপরদিকে হাটহাজারী এগারো মাইল এলাকায় অবস্থান নেন আহলে সুন্নাতের অনুসারীরা।
তিনটি যানবাহন ভাংচুর হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।”
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের আদেশে বলা হয়েছে, মীরের হাট থেকে এগারো মাইল সাব স্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি ইন্সটিটিউট পর্যন্ত রাস্তার উভয় পাশ এবং তৎ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যুবক ফেইসবুকে হাটহাজারী মাদ্রাসাকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেণ রাখার স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নিয়েছি।”
শনিবার সন্ধ্যার পর ফটিকছড়ি পৌর সদরের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আরিয়ান ইব্রাহীমকে আটক করার কথা জানায় পুলিশ।