Published : 25 Jul 2026, 11:50 PM
চট্টগ্রামে মাদক কারবারীকে ধরতে গিয়ে তার সহযোগীদের হামলায় এক এসআইয়ের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
আহত এসআইয়ের নাম মোমিনুল ইসলাম। তিনি নগরীর ডবলমুরিং থানায় কর্মরত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে নগরীর আমবাগান এলাকায় এ হামলা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার আব্দুল্লাহ মো. শেখ সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিহ্নিত মাদক কারবারী আলমগীরকে ধরতে আমবাগান এলাকায় অভিযানে যায় পুলিশ।
"এসময় আলমগীরের সহযোগীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন এসআই মোমিনুল।"
পুলিশ কর্মকর্তা সাদী বলেন, আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার সহযোগীদের ধরতে অভিযান চলছে।
পুলিশের তথ্যানুযায়ী, আলমগীর তালিকাভুক্ত মাদক কারবারী। তাকে ধরতে খুলশী ও ডবলমুরিং থানার পুলিশ সদস্যরা শনিবার রাতে যৌথ অভিযানে যায়। আমবাগান এলাকায় আলমগীরের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়।
সিএমপির সহকারি কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, আলমগীরের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।