Published : 15 Jun 2026, 11:32 AM
চট্টগ্রামের আনোয়ারায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়ায় খুন হন স্থানীয় সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় রোববার রাতে সুজন বড়ুয়ার চাচাত ভাই তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুজন বড়ুয়ার ভাষ্য, তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ধার নিয়েছিল তেজপ্রিয় বড়ুয়া। সেই পাওনা টাকার জন্য তিনি হলফনামা করেছিলেন। এ সংক্রান্ত স্ট্যাম্প ছিনিয়ে নিতে ঘরে ঢুকে তার স্ত্রী ও মেয়েকে খুন করেছে তেজপ্রিয়।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা-মেয়ে খুনের ঘটনায় একজনেক গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।”
শনিবার রাতে ঘরে ঢুকে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। হামলায় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সি ছেলেও জখম হয়।
এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তাকর্মীর কাজ করেন। এনি তার ছেলেমেয়েকে নিয়ে আনোয়ারার বাড়িতে থাকতেন।