Published : 29 Jan 2025, 10:20 PM
শিশু শিক্ষার প্রতিষ্ঠান ‘ফুলকি‘র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজন করা হয়েছে তিন দিনের সাংস্কৃতিক উৎসব।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন হবে, যা শেষ হবে শনিবার।
তিন দিনের উৎসবে থাকছে সাংস্কৃতিক আয়োজন, চিত্র প্রদর্শনী, বিজ্ঞান বক্তৃতার সঙ্গে মাটির কাজ, পাপেট তৈরি, ছাপচিত্র ও তাঁত বুননসহ বিভিন্ন আয়োজন।
জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন, মুক্তমঞ্চ, গ্যালারি ও প্রাঙ্গণজুড়ে এবার উৎসব হবে।
শিশু-কিশোরদের এ উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রামের একমাত্র এভারেস্ট জয়ী বাবর আলী।
বুধবার দুপুরে নগরীর নন্দকাননে ফুলকি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির সর্বাধ্যক্ষা শীলা মোমেন।
শিশু-কিশোরদের মানস বিকাশে প্রতিনিয়ত সৃষ্টিশীল কাজকে উৎসাহিত করতে ১৯৭৬ সালে পথচলা শুরু করে ‘ফুলকি’।
শীলা মোমেন বলেন, “একবছর পর পর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব আয়োজন করে ফুলকি। সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা বছর নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে ফুলকির সভাপতি আবুল মোমেন বলেন, “ফুলকিতে বিভিন্ন শ্রেণিতে নয় শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে। এদের পাঠদানের সাথে শতাধিক শিক্ষক নানাভাবে যুক্ত।”
এবারের উৎসবের প্রতিপাদ্য ‘মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা প্রকৃতির মতো স্বচ্ছল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুলকির বিভিন্ন বিভাগের পরিবেশনা ছাড়াও এবারের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেবে।
এর মধ্যে রয়েছে স্বপ্ননগর বিদ্যা নিকেতন, স্বপ্নবাগিচা বিদ্যা নিকেতন, উপলব্ধি শিশুবিকাশ কেন্দ্র, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল প্রাইমারি স্কুল, এয়াকুব আলী দোভাষ উচ্চ বিদ্যালয়।
এছাড়া ব্রতচারী, কারাতে, বিশ্ববিখ্যাত চিত্রকলা ও চলচ্চিত্র প্রদর্শনী, পাপেট শো, বিজ্ঞানের উল্লেখযোগ্য আবিষ্কারের নমুনা ও প্রকল্প প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনও থাকছে এবারের উৎসবে।
শনিবার বিকালে বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখবেন বিজ্ঞান বক্তা আসিফ। এছাড়া মূল মিলনায়তনে হবে ‘গল্প শোনার আসর‘।
এসময় ফুলকির সম্পাদক ওমর কায়সার, উপদেষ্টা সৈয়দা খুরশিদা বেগম ও নির্বাহী সচিব মুবিদুর রহমান সুজাত উপস্থিত ছিলেন।