১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘শুল্ক ফাঁকি’ দিয়ে আনা বিএমডব্লিউ গাড়ি জব্দ

গাড়িটির মালিক দেশে না থাকায় এর ক্রয় ও রেজিস্ট্রেশনের কোনো তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 10:32 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

চট্টগ্রামে একটি বাড়ির গ্যারেজ থেকে বিএমডব্লিউ ব্রান্ডের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তথ্য অধিদপ্তর (সিআইআইডি)। 

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে নগরীর রহমতগঞ্জ এলাকার একটি ভবন থেকে গাড়িটি জব্দ করা হয়। পরে রাতে সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য দেওয়া হয়েছে। 

সিআইআইডি বলছে, গাড়িটি ‘মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি’ দিয়ে আনার প্রাথমিক প্রমাণ মিলেছে। গাড়িটির মালিক দেশে না থাকায় এর ক্রয়ের ও রেজিস্ট্রেশনের কোনো তথ্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে সিআইআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, “খুচরা যন্ত্রাংশ আমদানির আড়ালে একটি নেটাওয়ার্ক বিলাসবহুল গাড়ি তৈরি করে দেশের বাজারে ব্যবহার করছে। এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং গাড়ির বাজারে অসম প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। 

“আজ মোংলা বন্দরে গাড়ির ব্যবহৃত যন্ত্রাংশ ঘোষণার আড়ালে বিলাসবহুল গাড়ি কয়েকটি অংশে কেটে আমদানির অভিনব কৌশল উদঘাটন করা হয়। এরপর গোয়েন্দা তথ্য ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা জানতে পারি, এভাবে আনা যন্ত্রাংশ থেকে একটি গাড়ি তৈরি সম্ভব। তাই কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে এভাবে গাড়ির যন্ত্রাংশ আমদানির চেষ্টা চলছিল। 

“এই নেটওয়ার্কের মাধ্যমে আগেও এভাবে দেশে বিলাসবহুল গাড়ি প্রবেশ করেছে। গোপন তথ্যে জানতে পারি, চট্টগ্রাম শহরে এরকম একটি গাড়ি চলছে। শুরুতে শহর থেকে দূরে কোথাও নিয়ে গাড়িটি সংযোজন করা হয়। পরে আরো ফাইনাল পলিস করা হয় শহরের কোথাও। আজ আমরা অভিযানে একটি আবাসিক ভবনের নিচতলা থেকে গাড়িটি আটক করি।”

সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর রহমতগঞ্জ এলাকায় কে বি আবদুস সাত্তার সড়কের সাত্তার মঞ্জিল থেকে গাড়িটি আটক করা হয়। গাড়ির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব বিদেশে। গাড়ির বিষয়ে তার স্ত্রী কোন তথ্য দিতে পারেননি। পুরনো একটি গাড়ির নম্বর ব্যবহার করে গাড়িটি রাস্তায় চলছিল।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক ফাঁকি বা মিথ্যা ঘোষণার মাধ্যমে ভিন্ন উপায়ে গাড়িটি আমদানির অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এটির বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলমান আছে। 

যন্ত্রাংশের নামে কৌশলে রেঞ্জ রোভারবিএমডব্লিউ আমদানি