চট্টগ্রামে ভবনের ছাদে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
ছেলেটি ‘আত্মহত্যা’ করে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
চট্টগ্রামের বোয়ালখালীর একটি ভবনের ছাদ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কধুরখীল চৌধুরী হাট-বাজারের পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
লাশটি রহমত আলী সিফাত (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর। বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামতল এলাকায় তার বাড়ি। জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক শেষ করেন তিনি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারের তথ্য দিয়ে বোয়ালখালী থানার ওসি লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি ‘আত্মহত্যা করেছেন’।
ভবনটির সিসিটিভি ভিডিওর বরাতে ওসি বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে সিফাত বাড়ি থেকে বের হয়। ১১টা ৪৪ মিনিটের দিকে ডান পকেটে হাত দিয়ে ভবনের ছাদে যাচ্ছিলেন। ১২টা ১৫ মিনিটের দিকে ছাদে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। গতকালও (বুধবার) সিফাত সেখানে গিয়েছিলেন।
“সিফাতের প্যান্টের বাম পকেট থেকে একটি ফল কাটার ছুরি পাওয়া গেছে। তার বোন জানিয়েছে ছুরিটি তাদের ঘরের।”
