১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কালুরঘাট বিসিক এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি

“বিসিক এলাকার ‘ইয়ুনেসকো’ গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে,” বলেন ওসি জসীম উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 07:49 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এক যুবকের ‍গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, ঘটনাটি নগরীর কালুরঘাট ভারী শিল্প নগরী (বিসিক) এলাকায়। শনিবার দুপুরে একটি গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটেছে। 

ছড়িয়ে পড়া ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে কালো প্যান্ট ও গোলাপী রঙের টি-শার্ট পরা এক যুবক সরে এসে পেছনের পকেট থেকে পিস্তল বের করে গুলি ছুঁড়ছেন। আবার অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন। 

কালুরঘাট বিসিক এলাকাটি পড়েছে চান্দগাঁও থানায়। 

থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরের পরপর বিসিক এলাকার ‘ইয়ুনেস্কো’ গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটেছে। 

“কারা কেন ঘটিয়েছে, সে বিষয়ে আমাদের তদন্ত চলছে।” 

তবে বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ জানাননি ওসি। 

স্থানীয়দের ধারণা, বিসিক এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। কারণ স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে এসব নিয়ে উত্তেজনা চলছিল। তবে কারা ঘটিয়েছে সেটি কেউ নিশ্চিত করেনি। 

বছরখানেক ধরে নগরীর বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশ, চকবাজার এলাকায় এভাবে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজির জন্য সন্ত্রাসীদের হুমকি দিতে দেখা গেছে।