Published : 09 Oct 2025, 06:33 PM
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে সপ্তাহব্যাপী নাট্যোৎসব আয়োজন করেছে গণায়ন নাট্য সম্প্রদায়।
‘সৃজনে গৌরবে অঙ্গীকারে শিল্পিত চেতনায় গণায়ন’ স্লোগানে শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
১৯৭৫ সালে যাত্রা শুরু করেছিল গণায়ন নাট্য সম্প্রদায়। সংগঠনটির উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় একটি করে নাটক প্রদর্শিত হবে।
উৎসবের প্রথম দুই দিন ১০ ও ১১ অক্টোবর প্রদর্শিত হবে গণায়ন নাট্য সম্প্রদায়ের ‘জুলিয়াস সিজার'।

রোম সাম্রাজ্যের সেনাপতি ও একনায়ক ছিলেন জুলিয়াস সিজার। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এই শাসক রণকৌশলের পাশাপাশি সাহিত্যেও ছিলেন সিদ্ধহস্ত। এই নাটকে জুলিয়াস সিজারের শাসনব্যবস্থা তুলে ধরা হয়েছে।
উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটকটি অনুবাদ করেছেন ম সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।
১২ অক্টোবর মঞ্চস্থ হবে নান্দীমুখ নাট্যদলের প্রযোজনা ‘আমার আমি’, নাটকটি নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।
১৩ অক্টোবর প্রদর্শিত হবে গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক ‘কমলা সুন্দরীর কিসসা’। নির্দেশনা দিয়েছেন বাপ্পা চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘তিনি আসছেন' মঞ্চসৃথ হবে ১৪ অক্টোবর। নাটকটির ভাবানুবাদ করেছেন ম সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন মামুনুল হক।
১৫ অক্টোবর প্রদর্শিত হবে কথাসুন্দর নাট্যদলের নাটক ‘বৃত্তের বাইরে'। সন্তোষ চক্রবর্তীর ‘ঠিকানা’নাটকের কাহিনি অবলম্বনে এর নির্দেশনা দিয়েছেন কুন্তল বড়ুয়া।
১৬ অক্টোবর গণায়ন নাট্য উৎসব শেষ হবে ফেইম নাট্যদলের ‘বাল্মীকি প্রতিভা’ দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তিলোত্তমা সেনগুপ্ত।